কালিয়াকৈরে দিনদুপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই, অসহায় পরিবারের আর্তনাদ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে দিনদুপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই, অসহায় পরিবারের আর্তনাদ

াজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দিনদুপুরে একটি প্রাইভেটকারের মাধ্যমে চলন্ত মোটরসাইকেল চাপা দিয়ে ফেলে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইকেল আরোহীদের কাছে থাকা প্রায় ১৪ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এছাড়া ওই টাকা হারিয়ে থানার পাশে আর্তনাদ করেন ভুক্তভোগী অসহায় পরিবার।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার জোড়া ব্রিজের পাশে দিনদুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাউমান টালাবহ এলাকার আফসার আলীর তিন ছেলে আরিফ হোসেন, আরফিন হোসেন, আবির হোসেন ও তার ফুফুদের জমি ক্রয়ের লক্ষ্যে প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে উপজেলার লতিফপুর এলাকায় ভেন্ডার অফিসে আসেন। এসময় তাদের স্বজনরাও ভেন্ডার অফিসে আসেন। কিন্তু দলিল লেখক মতিউর হোসেন কাগজপত্রের ত্রুটি উল্লেখ করে জমি দাতা-গ্রহিতাদের জানিয়ে দেন। পরে আরফিন ও আবির তাদের বোনের স্বামী আমিনুল ইসলামের মোটরসাইকেল যোগে ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

যাওয়ার পথে বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার জোড়া ব্রিজের পাশে পৌছলে তাদের চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয় অজ্ঞাত একটি প্রাইভেটকার। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়ে আতঙ্কিত হলে তাদের কাছে থাকা প্রায় ১৪ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে ছিনতাইকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এলাকাবাসী। আহতদের মধ্যে আমিনুল ইসলামের অবস্থার অবনতি

হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে ওই টাকা হারিয়ে থানার পাশে উপজেলা ভেন্ডার অফিসের নামনে আর্তনাদ করেন ভুক্তভোগী অসহায় পরিবার। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরেফিন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহতদের স্বজন রোকেয়া বেগম জানান, আমার মা জয়তুন বেগম পৈত্তিক সূত্রে পাওয়া জমি তার ভাইয়ের ছেলেদের নামে দলিল করার কথা ছিল। কিন্তু কাগজপত্রের জামেলার কারণে দলিল করা হয়নি। পরে আমার দুই মামতো ভাই আরফিন, আবির ও বোন জামাই আমিনুল ওই টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরে যাচ্ছিল। কিন্তু কিছু দুর গেলেই একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে প্রায় ১৪ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

দলিল লেখক মতিউর রহমান জানান, তাদের দলিল সম্প্রদানের জন্য প্রস্তুত করেছিলাম। কিন্তু ওই জমির একটি আমমোক্তারনামা দলিল থাকায় দলিল সম্প্রদান করা যায়নি। পরে দুই পক্ষকে বুঝিয়ে দিলে তারা চলে যায়। তবে বাইরে গিয়ে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।