জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা : খামারীদের ভর্তুকির দাবি 

শাহজাহান কবির লেলিন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা : খামারীদের ভর্তুকির দাবি 
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে  সপ্তাহব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।এসময় মেলার সফলতা কামনা করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাতের উন্নয়ন ঘটিয়েই জলঢাকা প্রাণিসম্পদ খাতে আরও সমৃদ্ধ হবে।
এই প্রদর্শনী মেলায় খামারীদের জন্য চমৎকার সংযোগ স্থল হিসেবে কাজ করবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। ​
উদ্বোধনের আগে একটি র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুর রহমান, বিআরডিপি কর্মকর্তা সামজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ জোবায়ের আহমেদ।মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তি, পশু খাদ্য ও মেডিসিন, আঁশ জাতীয় খাদ্য, মহিষ, গাভী, বকনা পালন, দুগ্ধজাত পণ্য, ঘোড়া এবং পাখি সহ মোট ২৮টি স্টল শোভা পায়, যা স্থানীয় খামারীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদেরও নজর কাড়ে। আলোচনা সভায় খামারীদের পক্ষে উদ্যোক্তা মুসা ইব্রাহিম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, “দুধ এবং মাংসের চাহিদা স্বয়ংসম্পূর্ণ করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে খামারীদের যদি কৃষির মতো ভর্তুকির ব্যবস্থা করা হয়, তাহলে আমরা দ্রুত সফল হয়ে যাবো এবং দেশের পুষ্টি চাহিদা পূরণে আরও বড় ভূমিকা রাখতে পারবো।