নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার গরুসহ পুড়ল বসতঘর

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার গরুসহ পুড়ল বসতঘর

ওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর, চারটি গরু ও হাঁস–মুরগিসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার সময় উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা দমকল সদস্যরা আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনার নানা চেষ্টা করেও আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু চোখের সামনে এক মুহূর্তেই পুড়ে ছাড়খার হয়ে যায়।

স্থানীয়রা জানান, উপজেলার পারশিমুলিয়ার বাসিন্দা রকিম উদ্দিন তাঁর গোয়ালঘরে গৃহপালিত গরুর জন্য মশার উৎপাত থেকে রক্ষা করতে ‘সাজাল’ বা ধোঁয়া দেয়ার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের বাড়ির বাসিন্দা রফিকুলের বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু ও হাঁস–মুরগি পুড়ে মারা যায়। সাথে গৃহস্থালির আসবাবপত্র, শস্যদানা ও মূল্যবান জিনিসপত্র দগ্ধ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দমকল সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায়।