উখিয়ায় ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক 

আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
উখিয়ায় ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক 
কক্সবাজারে উখিয়া সীমান্তে যাত্রীবাহী অটোরিকশায় ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, মঙ্গলবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার হিজলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

আটক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমেদের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৪)।লে. কর্নেল খায়রুল আলম বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে অটোরিকশা যোগে কতিপয় লোকজন মাদকের বড় চালান নিয়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওনার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী সন্দেহজনক অটোরিকশাটিকে ধাওয়া দেয়।
অটোরিকশাটি রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা আটকাতে সক্ষম হয়।এসময় অটোরিকশাটি তল্লাশী চালিয়ে চালকের সামনের বক্স ও সিটের নিচে পাওয়া যায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা। পরে চালকের ছদ্মবেশে ইয়াবা পাচারকারি এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।