টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার মৃত্যু

লুৎফর অরেঞ্জ,স্টাফ রিপোর্টার মির্জাপুর,টাঙ্গাইল:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার মৃত্যু

াঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া (৫৫) কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে অসুস্থতার পর তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, সুলতান মিয়া গোড়াই ইউনিয়নের হরির পাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হিমেল নামের এক যুবকের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্র জানায়, বুধবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কর্তৃপক্ষ দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহতের ছেলে মনির হোসেন শিমুল বলেন, “কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাবার অসুস্থতার খবর পেয়ে আমি দ্রুত কিছু টাকা পাঠাই। বন্দি অবস্থার কারণে বাবার সুচিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত।”

কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।