বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুসলিম জনতার ব্যানারে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা,
সাব্বির আহমেদ, মাওলানা সাজিদ, আব্দুল আজিম প্রমুখ।
বক্তারা আল্লাহকে কটাক্ষকারীকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, এদেশে কোন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছেনা। বরং কেউ কেউ ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি অথবা হিন্দু সম্প্রদায় চক্রের দালাল।
সরকার এদের খপ্পরে পড়ে আল্লাহর দুশমন বাউলের ধৃষ্টতার বিচার নিশ্চিতে কালক্ষেপণ করে দেশপ্রেমিক মুসলিম জনতার সাথে প্রতারণা করে চলেছে। যা কোন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। তাই অনতিবিলম্বে কুলাঙ্গার আবুল সরকার বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ ওলি আউলিয়া পীর মশায়েখের পবিত্র পদচারণায় সমৃদ্ধ। এখানে অসংখ্য মসজিদ মাদরাসায় লাখ লাখ আলেম, হাফেজ, মুফতির বসবাস। এদেশে ইসলাম বিদ্বেষী কারো ঠাঁই নেই। তাই দ্রুত বাউল আবুল সরকারের ফাঁসি দিতে হবে। নয়তো প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন তাঁরা।