মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লুৎফর অরেঞ্জ,স্টাফ রিপোর্টার মির্জাপুর,টাঙ্গাইল:
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

াঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত তালিকাভুক্ত মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাঁটুভাঙ্গা রোড এলাকায় ধানের শীষের পক্ষে এই গণমিছিল বের হয়। শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মতো। গোড়াই মিল গেট থেকে শুরু হওয়া মিছিলটি স্কয়ার মোড় প্রদক্ষিণ করে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে পথসভায় মিলিত হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় তিনি মিছিলের সামনের সারিতে থেকে নেতাকর্মীদের সঙ্গে স্লোগানে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা কষ্ট করে আজ এখানে এসেছেন, আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। যদি আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি, তবে মির্জাপুরের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আল্লাহর রহমতে সবই করব।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।