মাগুরায় বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও লাল পতাকা মিঁছিল

সাইদুর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
মাগুরায় বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও লাল পতাকা মিঁছিল
বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৮তম রুশ সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ ২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। এছাড়া বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়।
এসময় প্রধান বক্তা কমরেড নিখিল দাস বলেন, স্বাধীনতার পর বারবার গণঅভ্যুত্থানে জনগণ স্বৈরাচারী সরকারকে হটালেও সঠিক নেতৃত্বের অভাবে আন্দোলনের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গণমানুষের স্বার্থ রক্ষার বদলে অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট করছে।
তিনি আরও বলেন, দেশে লুটপাট, দুর্নীতি ও দুঃশাসন অতীত স্বৈরশাসনের মতোই বাড়ছে। একদিকে চলছে দখল-চাঁদাবাজি, অন্যদিকে চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থকে বিপন্ন করছে। কথিত মানবিক করিডোর, অস্ত্র কারখানা ও মহাকাশ যোগাযোগ বিষয়ে চুক্তির নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে।
নেতৃবৃন্দ বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা থাকলেও এখন বিভিন্ন মহলের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। তারা ভোটাধিকার ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন তফসিল ঘোষণার দাবি করেন।
সভায় মাগুরা জেলায় কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করে বেকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, ইসিজি মেশিন ও আইসিইউ ব্যবস্থাসহ ডাক্তার, নার্স সংকট সমাধান করে সরকারিভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন স্থানীয় দাবি তুলে ধরা হয়।
সমাবেশ শেষে কমরেড নিখিল দাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বাসদের প্রার্থী প্রকৌশলী শম্পা বসুকে ‘মই’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।