রংপুর-নীলফামারী রুটে বাস চলাচল বন্ধ

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
রংপুর-নীলফামারী রুটে বাস চলাচল বন্ধ

oplus_2

বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলা নীলফামারী জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রংপুর থেকে নীলফামারী-সৈয়দপুর-কিশোরীগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী এবং অন্যান্য জেলা সমিতির(দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড়) বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে বাস শ্রমিকদের ন্যায পাওনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্চিত করে।
স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করে এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের অবহিত করা হয়। এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেক যাত্রীকে বিকল্প পরিবহন ব্যবহার করতে দেখা গেছে।
সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ডাক্তার দেখানোর জন্য রংপুর যাবো। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিলিয়াল দেয়া রয়েছে।
সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষা করছি।  একই কথা জানান সোবহান ইসলাম, জাহানারা বেগম, রুমা আক্তার সহ রংপুরে চিকিৎসার জন্য যাওয়া অনেক যাত্রী।
অন্যদিকে এই সিদ্ধান্তে রংপুর অঞ্চলের পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি করেছেন।
বাস শ্রমিক আনারুল ইসলাম বলেন, আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে আমরা কীভাবে কাজ করবো। শ্রমিক নির্যাতনের বিচার চাই।
নীলফামালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সকল বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেয়া হবে না।