ডা. জাহিদ হোসেন

৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এভারকেয়ারেই চিকিৎসা চলবে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এভারকেয়ারেই চিকিৎসা চলবে

ত তিনদিন ধরে একই রকম রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন।

বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে ভিড় না করে দেয়া করার জন্য অনুরোধ করেন দলের এ নেতা। তিনি বলেন, তাদের নেত্রীর জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থার আয়োজন এখানে করা হয়েছে।

খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যখন এ বিষয়ে কোনো পরামর্শ দেবে তখন তা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।