নন্দীগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি

গুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চকদেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপ, দুটি প্রজেক্টরসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরির নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা বিদ্যালয়ের মেইন গেটের তালা ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে কয়েকটি স্টিলের আলমারি ভেঙে দুটি ল্যাপটপ, দুটি প্রজেক্টরসহ অন্যান্য মুল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত কুমার সরকার বলেন, শোক দিবস উপলক্ষ্যে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে পতাকা অর্ধনমিত করতে এসে দেখি বিদ্যালয়ের মেইন গেট ও অফিস কক্ষের তালা ভাঙ্গা। পরে অন্যান্য শিক্ষকদের খবর দিলে তারা বিদ্যালয়ে উপস্থিত হলে অফিস কক্ষে ঢুকে দেখতে পাই চোরেরা কয়েকটি আলমারি ভেঙে করে একটি ডেল ল্যাপটপ, একটি ওয়ালটন ল্যাপটপ, দুইটি ইপসন প্রজেক্টর, একটি প্রিন্টার, দুইটি সাউন্ড সিস্টেম, একটি রাউটার, বিভিন্ন ডিভাইসের ক্যাবল, ডিজিটাল ঘড়ি ও প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষা উপকরণসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, এর আগে এই বিদ্যালয়ে কখনও এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং পুলিশকে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারোওয়ার জাহান বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি সর্ম্পকে অবগত হয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি প্রক্রিয়াধয়ীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।