দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

েশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

আজ (২ ডিসেম্বর) মঙ্গলবার থেকে সারাদেশে এই দাম কার্যকর হবে উল্লেখ করে সোমবার বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায় অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে উল্লেখ করে বাজুস জানায়, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২২২ ডলার অতিক্রম করেছে। ফলে স্থানীয় বাজারেও দামের প্রভাব পড়েছে।