নওগাঁয় নদীর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
নওগাঁয় নদীর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

ওগাঁর সদর উপজেলায় নদীর পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) বেলা ১২ টার দিকে শহরের লিটন ব্রীজের নিচে নদীর পূর্ব পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

নিহত আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনারুল বেশ কিছু দিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউবাজার এলাকায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে আজ বেলা ১২ টার দিকে স্থানীয় এক ব্যাক্তি নদীর ব্রীজের নিচে গেলে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক ভাবে থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।