উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

জি নিউজবিডি ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

ক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী প্রশাসনের উত্তেজনাকর কর্মকাণ্ডের দায় নিয়ে উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে সিউল। বুধবার (৩ ডিসেম্বর) সিউলে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং।

প্রেসিডেন্ট লি বলেন, আমার মনে হয়, আমাদের ক্ষমা চাওয়া উচিত। তবে এটি অতিরিক্ত উচ্চস্বরে বললে রাজনৈতিক বিরোধ আরও বাড়তে পারে কিংবা আমাকে ‘উত্তরপন্থী’ হিসেবে অভিযুক্ত করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই আমি কিছুটা দ্বিধায় আছি।

গত মাসে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করতে উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রচারপত্রবাহী ড্রোন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউটররা এটিকে ‘পরিকল্পিত উসকানি’ হিসেবে অভিহিত করেছেন। আদালতে এ ঘটনার প্রাথমিক প্রমাণ উপস্থাপনের পর বিষয়টি দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে আবারও আলোচনায় আসে।

লি জে মিয়ং-এর এই মন্তব্য ইউন সুক-ইওলের বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তির প্রেক্ষাপটে করা হয়। ইউন-এর সেই সিদ্ধান্ত দেশজুড়ে তীব্র রাজনৈতিক সংকট তৈরি করেছিল। মার্শাল ল ঘোষণার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে; সাধারণ মানুষ ও আইনপ্রণেতারা সংসদ ভবন ঘেরাও করলে জরুরি অধিবেশন ডাকা হয়। পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট সেই মার্শাল ল-কে অসাংবিধানিক ঘোষণা করে।

পরবর্তীতে ইউন সুক-ইওলকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহসহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন। সূত্র: আল-জাজিরা।