রংপুরে বিভাগীয় সমাবেশ শেষে  বাড়ি ফেরা হলো না জাবেদের

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
রংপুরে বিভাগীয় সমাবেশ শেষে  বাড়ি ফেরা হলো না জাবেদের
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (৬৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ৮টায় সৈয়দপুর সংলগ্ন নীলফামারীর সদরের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশে ফিরছিলেন জাবেদ আলী। পথিমধ্যে কাজিরহাট এলাকায় নামাজের বিরতির সময় তিনি রাস্তা পার হতে গিয়ে ইপিজেড কর্মীর মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
নিহত জাবেদ আলী নীলফামারী জেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার নছিয়া আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ৪ ডিসেম্বর সকালে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।