রাতে অসহায় শীতার্তদের পাশে চাঁদপুরের জেলা প্রশাসক

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
রাতে অসহায় শীতার্তদের পাশে চাঁদপুরের জেলা প্রশাসক

ঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবেই মানবিক হাত বাড়াল চাঁদপুর জেলা প্রশাসন।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

শহরের কালীবাড়ি মোড়স্থ রেলওয়ে প্লাটফর্ম, লঞ্চঘাট, বড় স্টেশনের মোলহেডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার হৃদয়ছোঁয়া দৃশ্য। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় তাৎক্ষণিক পরিকল্পনায় নেওয়া হয় এ মানবিক উদ্যোগ।

গণমাধ্যমকে জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যাঁরা রাস্তায় থাকেন, তাঁদের কষ্টও বেড়ে যায়। তাদের কষ্টের কথা ভেবেই আজকের এই কর্মসূচি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে জেলা প্রশাসনের এমন মানবিক উপস্থিতি অসহায় মানুষের মুখে এ রাতে এনে দিয়েছে উষ্ণতার হাসি।