মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোট জব্দ

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোট জব্দ

িয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়।শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে এসব সিমেন্টবোঝাই বোট জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার খবরে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে।ওই সময় নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোটকে থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌবাহিনী বোট তিনটি আটক করতে সক্ষম হয়।

আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ মাঝি-মাল্লাকে আটক করা হয়।জব্দকৃত বোট, মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।