জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছদ্দিন দয়াল বাঁচতে চায়

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছদ্দিন দয়াল বাঁচতে চায়

য়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সমাছদ্দিন দয়াল (৬৫) দুর্ঘটনায় কোমড়ের হাড় ভেঙ্গে বিছানায় কাতরাচ্ছেন। তাঁর দ্রুত অপারেশন সহ চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে সহায় সম্বলহীন এই মানুষটির পাশে দাঁড়ানোর মত কেউ নেই।

দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে তিনি জয়পুরহাট শহরে সংবাদপত্র বিক্রি করতেন। প্রতিদিন কাক ডাকা ভোরে মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছে দিয়েছেন জাতীয় ও স্থানীয় পত্রিকা। কিন্তু জীবন সায়াহ্নে আজ তিনি বড়ই অসহায়।

নিজের জায়গা-জমি বলতে কিছুই নেই তাঁর। জয়পুরহাট সদর উপজেলার তেঘর গ্রামে তার বাড়ি হলেও ৪০ বছর আগে তিনি শহরে আসেন। নিজের বাড়ি না থাকায় একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে তাঁর ভাড়ার বাসা শহরের সরদারপাড়া মহল্লায় ঠাঁই মিলেছে তাঁর।

সেখানে থাকা অবস্থায় প্রায় দুই মাস আগে বাথরুমে পড়ে গিয়ে তাঁর কোমড়ের দু’টি হাড় ভেঙ্গে যায়। এরপর থেকে অনেক কষ্টে জীবন কাটছে তার বিছানায়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তাঁর ঔষধ কিনতে হচ্ছে চার থেকে পাঁচ’শ টাকার। তাঁর এই ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র মেয়ে-জামাই। চিকিৎসকের পরামর্শে তাঁর জরুরি অপারেশন প্রয়োজন। এতে তাঁর খরচ পড়বে ২ লক্ষাধিক টাকা।

যা কোন ভাবেই বহন করার সাধ্য তাঁর না থাকায় মেয়ের বাড়িতেই ধুঁকে ধুঁকে জীবন কাটছে তাঁর। জীবনের এই কঠিন মুহুর্তে সমাজের বিত্তবান সহ সকল শ্রেণি পেশার হৃদয়বান মানুষের কাছে তাঁর আকুল আবেদন আর্থিক সহযোগীতার। সহযোগীতা পেলে অপারেশনের মাধ্যমে সুস্থ্য হয়ে নিজের পায়ে ভর করেই কেটে যাবে তাঁর বাঁকি জীবন। তাঁর নগদ নম্বর ০১৭১২-৫৬৭৩৮০।