নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ১শ মন ধান ও ৬০ বিঘা জমির খড়

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ১শ মন ধান ও ৬০ বিঘা জমির খড়

গুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষকের ১শ মন ধান ও ৬০ বিঘা জমির খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের ভর মাঝগ্রামে শুকবর তালুকদারের ছেলে গোলাম মোস্তফার বাড়ি সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষক গোলাম মোস্তফা ও তার চাচা জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে, ধান মাড়াই করে। ধান মাড়াই শেষে আলাদা করে ৬০ বিঘা জমির পাঁচটি খড়ের পালা দেয় এবং ছয় বিঘা জমির ধান মাড়াই শেষ না হওয়ায় ধানের বোঝাগুলো স্তুপ করে খোলাতেই রেখে দেয়। এরপর রোবিবার গভীর রাতে ওই পাঁচটি খড়ের পালায় ও ধানের বোঝার স্তুপে আগুন দেয় দুর্বৃত্তরা।

মুহুর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এতে আনুমানিক চার লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মোস্তফা। কৃষক গোলাম মোস্তফা জানান, কে বা কারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তের দেওয়া আগুনে ৬০ বিঘা জমির ধানের খড় ও ১শ মন ধান পুড়ে গেছে। এছাড়া গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরও জানান, গভীর রাতে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙ্গে বাহিরে এসে দেখি খড়ের পালা ও ধানের বোঝার স্তুপে দাউদাউ করে আগুন জ্বলছে।

আমরা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পরিনি। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।