সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছেনা টিসিবির পণ্য, ভোগান্তি

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছেনা টিসিবির পণ্য, ভোগান্তি

িসিবির পণ্য, সবার জন্য, এ দাবি নিয়ে পণ্য কিনতে গিয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে গেছেন অনেকে। গতকাল সোমবার সৈয়দপুর শহরের নতুন মুন্সী পাড়ায় ডিলারের পণ্য বিক্রির স্হান গিয়ে দেখা গেছে এমনই দৃশ্য।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভরসা হয়ে উঠে টিসিবির স্বল্প মূল্যের পণ্য। প্রতি মাসের প্রথম সপ্তাহের দুই দিন টিসিবি ডিলারের দোকানের সামনে র্দীঘ লাইন হয় কিন্তু ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই।

স্বল্পমূল্যে চাল ডাল,চিনি, তেল, কাপড় কাচা পাউডার ও গোসল করা সাবান কিনতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন ক্রেতারা। কিন্তু অপেক্ষা আর শেষ হয় না। পণ্য বিতরণ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত দেয়ার পরও অনেককেই পণ্য দিতে পারছেন না ডিলাররা।

ঘটনাস্থল গিয়ে দেখা যায়, সেখানে ক্লান্তি নিয়ে রোদের মধ্যে দল বেঁধে দাঁড়িয়ে আছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের নর-নারী।

সেখানে মরিয়ম বিবি নামের এক বয়স্ক বৃদ্ধা জানান, সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষায় আছি টিসিবির পণ্য নেয়ার জন্য। টিসিবির পণ্য বিক্রেতারা চাল, তেল, ডাল, চিনি সহ অনেক কিছু পলিথিনে ভরছেন। আমরাও অনেকে অপেক্ষা করছি, আমাদের ডাক কখন পরবে, কিন্তু হঠাৎ ফোন আসলো টিসিবির বিক্রেতার কাছে যে বিকেল ৫টায় বিক্রি বন্ধ করে দেয়ার জন্য। কষ্ট করে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষার পরও যদি পণ্য পাওয়া না যায় তাহলে কেমন লাগে বলুন। ক্ষুধার যে কি জ্বালা তা বড়লোকরা কিভাবে বুঝবে।

তিনি বলেন, গত রবিবার ও সোমবার দুই দিন আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি অন্যের বাসায় কাজ করি। বাড়ির মালিক প্রতিদিন যা দেন তা দিয়ে আমাদের সংসার চলে। আমার স্বামী অসুস্থ থাকার কারণে আমি দুই দিন ধরে ঘুরছি টিসিবির পণ্য নেয়ার জন্য। কিন্তু পাচ্ছি না।

কুদ্দুস নামের এক রিক্সা চালক বলেন, আমরা গরিব বলে আমাদের কোনো দামই নেই। আমার স্ত্রীকে বলে এসেছি টিসিবি থেকে চাল,তেল,ডাল নিয়ে আসার পর রান্না বসাবা। রাত থেকে আমার পরিবার না খেয়ে আছে।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও বিকেলে বলা হলো টিসিবির পণ্য শেষ হয়ে গেছে। আজ আর দেয়া হবে না। আগামী মাসের প্রথম সপ্তাহে দেখা করতে বলেন ডিলারের লোকজন।

শহরের কুন্দল এলাকার মকবুল বলেন, টিসিবির পণ্য সরকার থেকে দেওয়া হচ্ছে, আমাদের মতো গরীবের জন্য। আমরা তো টিসিবির পণ্য ফ্রীতে ক্রয় করতে আসি নাই।আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি। তারপরও এরকম কেনো? প্রায় প্রতি মাসেই টিসিবির ডিলাররা এসব ঘটনা ঘটায়। তাদের কারনে যে শত শত মানুষ না খেয়ে থাকে, এটা কি স্হানীয় প্রসাশন দেখছেন না।

টিসিবির পণ্য বিক্রির ডিলার সাকিল আহমেদ বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিতরনের নির্দেশ আছে। শহরের ৪ ওয়ার্ডের ১৪০০, কার্ডের পণ্য বিতরনের নির্দেশ থাকলেও অতিরিক্ত মানুষকে পণ্য দেয়া হয়েছে। এরপরেও কেউ পণ্য না পেয়ে ফিরে গেলে করার কিছুই নেই বলে জানান তিনি।
মোঃ জহুরুল ইসলাম খোকন