ঢাকাসহ যাচ্ছে সারা দেশে

সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট

িরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে এসব জলপাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। চলতি বছরে গাছে ফলন বেশি হওয়াতে ফলের আকার ছোট হয়েছে তাই কৃষক লাভবান কম হচ্ছেবলে দাবি করলেও কৃষি বিভাগ বলছে, জলপাইয়ের আবাদ বাড়ানোর জন্য বাণিজ্যিক চাষসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে।

সরেজমিন জানাগেছে,সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামে ছাড়াও উপজেলার হরিণা, পিপুলবাড়ীয়া, কানগাতী, ঘোড়াচরাসহ প্রায় প্রতিটি এলাকাতেই জলপাইয়ের বাড়তি ফলন হয়েছে। পরিকল্পনা করে বাণিজ্যিক চাষ নয়, বাড়ির আঙিনা কিংবা সড়কের পাশে রোপণ করা শতশত জলপাই গাছ বদলে দিয়েছে গ্রামের অর্থনীতি। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিদিন গাছ থেকে জলপাই নামাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছ ৯ মাস থেকে এক বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে প্রায় ৩ থেকে ৪ মণ জলপাই পাওয়া যায়। স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা জানান,মৌসুম শুরুর আগেই আমরা স্থানীয় জলপাই গাছগুলো এক বছরের জন্য কিনে নেই। পরিপক্ব হলে ফলগুলো গাছ থেকে নামিয়ে বস্তায় ভরে বাগবাটি হাটে বিক্রি জন্য নিয়ে আসি।

জলপাই বেচাকেনাকে কেন্দ্র করে প্রায় ৩ মাস সরগরম থাকে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়ার বাগবাটি হাট। বাজারে আনা এসব জলপাই পানি ও সাবার শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে এবার প্রতিমণ জলপাই পাইকারি বিক্রি হচ্ছে ৪-৬শ’ এবং ক্ষেত্র বিশেষে ৮-থেকে ১ হাজার টাকা মন।

জেলা কৃষি বিভাগ সুত্রে প্রকাশ সিরাজগঞ্জে প্রায় ১শ হেক্টর জমিজুড়ে জলপাই গাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় ৯শ ৫০ মেট্রিকটন জলপাই পাওয়া যাবে । এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলেও জানান কৃষি বিভাগ। চলতি বছর উৎপাদন ভালো হয়েছে তবে ফলের আকার কিছুটা ছোট হওয়াতে দাম কিছুটা কমেছে।

বিক্রেতাদের দাবি গত বছরের তুলনায় এবছরে দাম কম। তবে নিয়মিত পরিচর্চার জন্য কৃষি বিভাগের সহযোগিতা চান চাষিরা। প্রতি বছর মৌসুমে প্রায় তিন মাস জলপাই কেনাবেচাকে কেন্দ্র করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাট জমজমাট থাকে। হাটে আনা জলপাইগুলো বস্তায় ভরে দেশের বিভিন্ন জেলায় পাঠায় পাইকাররা।

সিরাজগঞ্জ দেশের একমাত্র জলপাইয়ের বাণিজ্যিক জেলা হিসেবে ইতোমধ্যে সুনাম কুরিয়েছে দাবি করে জেলা কৃষি সম্্রসারণের উপপরিচালক একেএম মনজুরে মওলা জানায়,গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জের জলপাই আবাদ ভালো হচ্ছে।

আমরা কৃষকদের সঙ্গে নিয়ে বাণিজ্যিক চাষ বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা করছি, এতে স্থানীয় উৎপাদন আরও বাড়বে। একই সাথে উন্নত জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষনা কেন্দ্রের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। জেলায় প্রায় ১শ হেক্টর জমিজুড়ে জলপাই গাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় ৯শ ৫০ মেট্রিকটন এর বেশি জলপাই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।