সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নির্বাচনে জামাতের ভরাডুবি

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নির্বাচনে জামাতের ভরাডুবি

িরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, একযুগ পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা কোন পদেই জয়লাভ করতে পারেনি, তাদের ভরাডুবি হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, শনিবার জেলার ব্যবসায়ীদের অন্যতম এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত ভোট গননা হয়। রাতেই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

সরাসরি কোন রাজনৈতিক দলের প্যানেল না থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থিতরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট পদে আমার বিপরীতে জামায়াতের যে প্রার্থী ছিলেন তাকে প্রায় তিন গুণ বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছি। এমনকি নির্বাচনে জামায়াত যে প্যানেল দিয়েছিলো সেই প্যানেল থেকে কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি।

নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, এ বিজয় ব্যবসায়ীদের বিজয়। ১২ বছর পর আমরা চেম্বারে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা ভোট দিয়েছে। এ জন্য সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অর্ডিনারী গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা বিএনপির অপর সহ-সভাপতি আব্দুল কাদের।

এছাড়াও নবনির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর আলী আকবর, বিএনপি নেতা আবু সাইদ, হাজী জুড়ান সরকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসানসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যগণ।