অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি- সারজিস আলম

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি- সারজিস আলম

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অভুত্থান পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রত্যাশিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত ঠাকুরগাঁও জেলা এনসিপির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এখন পর্যন্ত যতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আমাদের প্রত্যাশিত ছিল ততটুকু এখন পর্যন্ত তৈরি হয়নি। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে দিক নির্দেশনা আছে, হয়তো তাদের চেষ্টা আছে।

তিনি বলেন, আমরা যখন মাঠ প্রশাসনে দেখি তখন আমরা সেই জায়গা দেখি- পূর্বের যে একটা রাজনৈতিক কালচার কোন একটা দল ক্ষমতা আসতে পারে; কোন ব্যক্তি এমপি হতে পারে তার প্রতি যে বায়াস্টনেস ওই মানসিকতা থেকে অনেকেই এখন পর্যন্ত বের হতে পারেনি। আবার অনেকেই হয়তো সেই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা প্রত্যাশা করবো আমাদের জায়গা থেকে যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। অভ্যুত্থানের একবছর তিনমাস পেড়িয়ে গিয়েছে; হয়তো তার (তারেক রহমান) জায়গা থেকে বাঁধা বা কিছু অনুভব করতেই পারেন।

তিনি বলেন, আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে-বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এতটুকু বুঝতে পারি মানুষের পাল্স – এই বাংলাদেশের তারেক রহমান আসলে তার জায়গা থেকে কোন ধরনের সমস্যা হওয়ার সুযোগ নেই। আমরা এটা মনে করি বাংলাদেশ তার জন্য তার যে নিজের একটা দেশ সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের প্রশ্নে সারজিস আলম বলেন, শেখ হাসিনার সময় জাতীয় পার্টির অনেকেই এমপি-মন্ত্রী ছিল। তারা প্রত্যেকেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের দোসর। এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি আগামীর নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করার কোন ধরনের নৈতিক, রাজনৈতিক ও আইনগত কোন অধিকার নেই। তাদেরকে আওয়ামী লীগের মত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভুত্থানের আকাক্সক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে তাদেরকে (জাতীয় পার্টি) নির্বাচনে সুযোগ দেওয়ার বা অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে জানাতে চাই- এটা এনসিপি কোন ভাবে তাদের জায়গা থেকে সমর্থন করবে না।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির পক্ষ থেকে কোন ধরনের দ্বিমত নেই বলেও মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিত আলম।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও ঠাকুরগাঁও জেলা এনসিপির নেতাকর্মীর উপস্থিত ছিলেন।