নন্দীগ্রামে পাহারাদারকে অচেতন করে গভীর নলকূপের তিন ট্রান্সফরমার চুরি

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
নন্দীগ্রামে পাহারাদারকে অচেতন করে গভীর নলকূপের তিন ট্রান্সফরমার চুরি

গুড়ার নন্দীগ্রামে পাহারাদারকে অচেতন করে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি গ্রামের সাড়পুকুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

গভীর নলকূপের মালিক কদমকুড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালাম জানান, বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির কারণে আমরা সতর্ক ছিলাম। প্রতিদিনের ন্যায় আমার বড় ভাই আব্দুল হাফিজ রাতে নলকূপের ঘরে গিয়ে ট্রান্সফরমার দেখে সেখানে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে অচেতন করে ফেলে এবং বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে তামার তার বের করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জমিতে ট্রান্সফরমার খালি বোতল দেখতে পেয়ে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি সেচপাম্পের ঘরের দরজায় তালা দেওয়া এবং ভিতরে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে। তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। পরে তাকে চিকিৎসা জন্য স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হয়। বর্তামানে সে ভাল আছে। তার দাবি, চোরের দল সেচপাম্পের ঘরের জানালা দিয়ে চেতনানাশক পাউডার ছিটিয়ে আব্দুল হাফিজকে অচেতন করেছে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় আব্দুল হাফিজকে উদ্ধার করি। মালিকপক্ষকে থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

এবিষয়ে মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ট্রান্সফরমার চুরির ঘটনা জানার পর পুলিশ ঘটানস্থল পরির্দশন করেছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কায়সার রেজা বলেন, ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্য সমাধানে সব মহলের সহযোগিতা প্রয়োজন।