সৈয়দপুরে পলিথিনের রমরমা বানিজ্য

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
সৈয়দপুরে পলিথিনের রমরমা বানিজ্য

ীলফামারীর সৈয়দপুরে রমরমা ভাবে চলছে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন ও বাণিজ্য। পলিথিন প্রস্তুত, সরবরাহ ও ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হলেও তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। ফলে সৈয়দপুরে একদিকে যেমন বেড়েছে পলিথিন প্রস্তুত ও সরবরাহ, তেমনি বেড়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার।

দেখা গেছে, শহরের আধুনিক পৌর সবজি বাজার, আধুনিক রেলমার্কেট, সৈয়দপুর প্লাজা মার্কেট, চৌধুরী টাওয়ার সহ গ্রাম-গঞ্জের হাট বাজারে সওদা কিনতে গেলেই দোকানিরা খদ্দেরের হাতে ধরিয়ে দিচ্ছেন পলিথিনের শপিং ব্যাগ। এরমধ্যে দু’একজন শপিং ব্যাগ ব্যবহারের প্রতিবাদ করলেও দোকানিরা বলছেন হাতল বিহীন পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়নি।

পরিবেশ অধিদপ্তরের মতে, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে। নালা-নর্দমায় জমে পয়ঃপ্রণালী নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া যেসব উপাদান দিয়ে পলিথিন তৈরি করা হয় তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিনের বর্জ্র্য মানবদেহে ক্যান্সারসহ মারাত্মক রোগ- জীবাণুর সৃষ্টি করে। গত ১/১১ শাসনামলে সকল প্রকার পলিথিন শপিং ব্যাগের প্রস্তুত ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই সময় পুলিশ প্রশাসন সেটি বন্ধে মাঠে নামে। সাড়াশি অভিযানে প্রায় বন্ধই হয়ে যায় পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও সরবরাহ। ২০১৯ সালে প্রায় ৪০ টন পলিথিন ব্যাগ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর প্রায় বছর খানিক বন্ধ থাকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও বাজারজাত। কিন্তু বর্তমানে আবারো বেড়েছে পলিথিনের উৎপাদন ও ব্যবহার।

সরেজমিন গিয়ে দেখা যায়, পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও সরবাহের বিরুদ্ধে আইনী তৎপরতা না থাকায় সৈয়দপুর শহরে গড়ে উঠেছে প্রায় ১০-১২টি পলিথিন ব্যাগ তৈরির কারখানা। এছাড়া প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আমদানি করা হচ্ছে বিপুল পরিমাণ পলিথিন। যেসব পলিথিন শপিং ব্যাগ আমদানি করা হচ্ছে সেইসব সৈয়দপুর থেকে সরবরাহ করা হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে।

স্থানীয়রা জানান, বর্তমানে চলছে অন্তবর্তীকালীন সরকারের শাসনামল। এই সরকারের আমলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অনেকটা নিস্ক্রিয় হওয়ায় অসৎ বেশ কিছু আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সাথে পলিথিন প্রস্তুত ও সরবরাহকারীদের গোপন যোগসূত্র রয়েছে বলে বৈধ কাগজপত্র ছাড়াই এ শহরে তৈরি করা হচ্ছে হাতলবিহীন পলিথিন শপিং ব্যাগ।

সব্দার নামের এক ব্যক্তি আওয়ামী সরকার শাসনামলে আওয়ামী নেতার মদদে প্রতি সপ্তাহে শত শত টন পলিথিন ব্যাগ শহরের মুড়ি হাটির দোকান ও বিচালী হাটি সড়কের গোডাউন থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ২০২৪ এর ৫ আগষ্টের পর তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যাবসা জমজমাট ভাবে চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই।

সব্দার নামের ওই পলিথিন শপিং ব্যাগ আমদানি ও রফতানি কারককে দমন করতে নীলফামারী জেলা ও রংপুর বিভাগের ডিটেকটিভ ব্রাঞ্চ প্রধানের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

জানতে চাইলে, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ বলেন, উপরের নির্দেশ পেলে আমরাই অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারবো।