সৈয়দপুরে ২২টি ক্যাম্পের উর্দুভাষীদের বিশাল মানববন্ধন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
সৈয়দপুরে ২২টি ক্যাম্পের উর্দুভাষীদের বিশাল মানববন্ধন

ীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ২২টি অবাঙালি ক্যাম্পে বসবাসরত হাজার হাজার উর্দুভাষী নাগরিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। এটির আয়োজন করেন উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি।

সৈয়দপুরে ২২টি ক্যাম্পসহ দেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করা এই বিশাল জনগোষ্ঠী তাদের নাগরিক মর্যাদা ও মৌলিক মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানায় তাঁরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দল ও জোটের প্রতি তাদের সুনির্দিষ্ট দাবিসমূহ উপস্থাপন করে।

উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবালের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক এমপি সিদ্দিকুল আলম, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, জামায়াতে ইসলামী শহর আমীর শরফুদ্দিন খান, সমাজসেবক রবিউল রবি, উর্দুভাষী নেতা মোলায়েম, আব্দুল লতিফ, শাহজাদা, সানজিদা, নাসিমসহ ২২টি ক্যাম্পের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন , ২০০৮ সালে মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত সকল উর্দুভাষী বাংলাদেশের নাগরিক হিসেবে মর্যাদা লাভ করে। সেই রায়ের ভিত্তিতে তারা জাতীয় পরিচয় পত্র এবং সুনাগরিক হিসেবে ভোটাধিকার পেয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচনে তা প্রয়োগ করে আসছে। তবে উদ্বেগের বিষয় হলো দেশের উর্দুভাষীদের একটি বড় অংশ এখনও সৈয়দপুরের ২২টি ক্যাম্পসহ ঢাকাসহ দেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে আধুনিক প্রায় সকল মৌলিক মানবিক সুযোগ সুবিধা ও অধিকার বঞ্চিত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

মানববন্ধন কর্মসূচীতে এমন বাস্তব পরিস্থিতিতে উর্দুভাষী জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাগরিক হিসেবে প্রাপ্ত সকল অধিকার ও মৌলিক সুযোগ-সুবিধা ক্যাম্পে বসবাসকারী সকল উর্দুভাষীর জন্য নিশ্চিত করা, ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশ পরিবর্তন করে আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থার দ্রুত উদ্যোগ গ্রহণ, উর্দুভাষী শিশুদের মানসম্মত শিক্ষাদানের ব্যবস্থা ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য সরকারি-বেসরকারি সকল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবী জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করলেও তাদের জীবনমানের কোনো উন্নতি হচ্ছে না। তারা আশা করেন, আসন্ন জাতীয় নির্বাচনে দল ও জোটগুলো তাদের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবে।

এছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে যেসব এলাকায় উর্দুভাষী জনগোষ্ঠী বেশি বসবাস করে সে সব এলাকায় উর্দুভাষীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও সংরক্ষিত মহিলা আসনে কমপক্ষে একজনকে সংসদ সদস্য হিসেবে দল থেকে মনোনয়ন দেয়ার সংরক্ষণ নীতি রাখার দাবী জানান উর্দুভাষী নেতারা।