উলিপুরে মিল্ক ফিডিং এর আওতায় ২৭২ শিক্ষার্থী

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
উলিপুরে মিল্ক ফিডিং এর আওতায় ২৭২ শিক্ষার্থী

ুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের ২৭২ জন কোমলমতি শিক্ষার্থী স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় এসেছে। দ্বিতীয় দফায় উপজেলার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ জন কোমলমতি শিক্ষার্থীকে নতুন করে এ কর্মসূচির অন্তর্ভূক্ত করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি ২০২৩ সালে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়। সেখানে দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ১৬৮ জন কোমলমতি শিক্ষার্থী দৈনিক ২০০ মিলি: করে স্কুলেই খাওয়ার জন্য পুষ্টিসমৃদ্ধ প্যাকেটজাত গাভীর দুধ পেয়ে আসছে। দীর্ঘ ৩ বছর পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে গত বুধবার বিকালে পৌরসভার দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু ওয়ারেছ, তাপসী রাবেয়া, আরিফুল ইসলাম প্রমুখ। উলিপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে উদ্বোধনী সভায় দুধের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম। প্রতিদিন ২০০মিলি: করে গাভীর পুষ্টিগুণ সম্পন্ন দুধ প্রাপ্তির খবরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের ছাপ লক্ষ করা গেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ মিল্ক ফিডিং কার্যক্রমটি উপজেলার দ্বিতীয় প্রতিষ্ঠানের ১০৪ শিক্ষার্থীর জন্য কাজ শুরু করলো। ভবিষ্যতে এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ে চালু হলে প্রাথমিকের শিক্ষার্থী ঝরে পড়ার হার শতভাগ রোধ হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।