সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

াইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীনামুল্যে ধান বীজ বিতারণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ঈফফাত জাহান তুলি।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, ছাত্রনেতা নুর আলম মিয়া নুরসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এ বছর উপজেলায় ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতারণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির বলেন, ‘সরকারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত চাষীরা পান, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি এই প্রণোদনার প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘এই প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আমরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির যন্তপাতি ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করছি, যাতে তারা কম জমিতেও বেশি ফলন পেতে পারেন।’