নির্বাচনী আচরণবিধি তদারকিতে মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
নির্বাচনী আচরণবিধি তদারকিতে মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুইদিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনাসহ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাচনী আচরণবিধি তদারকিতে প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ ও প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।