মেট্রোরেল শুক্রবার স্বাভাবিক সময়সূচিতে চলবে: ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
মেট্রোরেল শুক্রবার স্বাভাবিক সময়সূচিতে চলবে: ডিএমটিসিএল

ছবি: সংগৃহীত

েট্রোরেল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার রাতে সংস্থার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, মেট্রোরেলের সকল ট্রেন পূর্বঘোষিত সময়সীমা মেনে চলাচল করবে এবং যাত্রীরা স্বাভাবিক সেবা পাবেন।

ডিএমটিসিএলের স্বতন্ত্র চাকরি বিধিমালা বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে প্রতিষ্ঠানের একাংশের কর্মকর্তা-কর্মচারী শুক্রবার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। এতে মেট্রোরেল সেবা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়িতে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবির পক্ষে তারা নানা স্লোগান দেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন।

ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, স্বতন্ত্র চাকরি বিধিমালা আসন্ন ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে আন্দোলনকারীদের মূল দাবি পূরণ হওয়ার কথা। তাই সবাইকে শুক্রবার থেকে নিয়মিত দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অধিকাংশ আন্দোলনকারী সিদ্ধান্তে রাজি হলেও, কিছু কর্মচারী শুক্রবারের মধ্যেই বিধিমালা চূড়ান্ত অনুমোদনের দাবি জানিয়ে আসছেন।