উলিপুরের দূর্গম চরে মহিষ চুরি করতে গিয়ে আটক ৩ যুবক

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
উলিপুরের দূর্গম চরে মহিষ চুরি করতে গিয়ে আটক ৩ যুবক

ুড়িগ্রামের উলিপুরে একটি দূর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিন যুবককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামে।

আটককৃতরা হলেন, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের সমেজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

‎জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামে এ মহিষ চুরির ঘটনা ঘটে। ঐ গ্রামের সিদ্দিক শেখের গোয়াল ঘর থেকে গত ১৪ ডিসেম্বর ভোররাতে চারটি মহিষ চুরি হয়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারে খুঁজতে থাকে।

এক পর্যায়ে সকাল ৯ টার দিকে নদীর ঘাটে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে চোরদের মারধর করে মহিষগুলো উদ্ধার করে। এরপর নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চোরদের পুলিশ হেফাজতে নেয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।