ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা

নকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।

এদিকে, হত্যাচেষ্টার এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরও এক নারী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।