অতীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি করতে হবে

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
অতীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি করতে হবে

তীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নীচে চেপে সমাপ্তি টানতে চাই। যারা এ রাজনীতি করবে তারা অচল মালে পরিণত হবে। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রের সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে ‘শ্মশান বাংলায়’ পরিণত করেছে।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্বশ্মানে পরিণত করা হয়েছিল। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে হাতে তসবি ও মাথায় ঘোমটা দিয়ে মানুষকে ধোঁকা দেয়া হয়েছে। গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কোনও আনুকূল্য চাই না, কিন্তু কোনও দলকে যদি কমিশন আনুকূল্য দেয়ার চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।