আইপিএলে নতুন দল পেয়ে রোমাঞ্চিত মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
আইপিএলে নতুন দল পেয়ে রোমাঞ্চিত মুস্তাফিজ

ন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের মিনি নিলামে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের নতুন ঠিকানা ও রেকর্ড দাম পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কাটার মাস্টার’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি শেষে জয়ী হয় বলিউড বাদশা শাহরুখ খানের দল। কেকেআরে নাম লেখানোর পর নিজের অনুভূতি জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন এই বাঁহাতি পেসার।

কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে মুস্তাফিজ বলেন,‘হ্যালো কেকেআর সমর্থকরা, আমি মুস্তাফিজুর রহমান। কেকেআর পরিবারের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খুব শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে।

নিজেও রোমাঞ্চিত মুস্তাফিজ নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে লেখেন,‘কলকাতা নিয়ে এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছি। আমি খুবই উচ্ছ্বসিত এবং কেকেআরে যোগ দিতে আর তর সইছে না।

আইপিএলের নিলাম ইতিহাসে মুস্তাফিজই এখন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে, ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল এই কলকাতাই।

এছাড়া ২০০৯ সালে মাশরাফি বিন মোর্ত্তজাকে প্রায় ৩ কোটি রুপির কাছাকাছি (৬ লাখ ডলার) মূল্যে দলে নিয়েছিল কেকেআর। নিজের আগের রেকর্ডগুলোকেও ছাড়িয়ে গেছেন ফিজ, এর আগে কোনো মৌসুমেই ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি তিনি। এবার সেই অঙ্ক এক লাফে পৌঁছে গেল ৯ কোটি ২০ লাখে।

মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মুস্তাফিজ। আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেটে ৬৫টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১৬ সালে অভিষেক আসরেই হায়দরাবাদকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ।