হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন আটক

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ণ
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন আটক

নকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফয়সালের শ্বশুরবাড়ি নরসিংদী থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, অভিযানের সময় পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় গুলির পর ফয়সাল করিম দ্রুত পশ্চিম আগারগাঁওয়ে বোন জেসমিনের বাসায় যায়। সেখানে দলবল নিয়ে কিছু সময় অবস্থানের পর ফয়সাল পালিয়ে যায়। এরপর অস্ত্রগুলো গাড়িযোগে নরসিংদী নিয়ে যায় শ্যালক শিপু ও বাবা হুমায়ুন করিম। পরে আলামত লুকাতে তারা সেগুলো পুকুরে ফেলে দেয়।

এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে মো. হান্নান ও সহযোগী কবীর আটক করা হয়। এছাড়াও ময়মনসিংহ সীমান্ত থেকে তাকে পাচারে সহায়তার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।