ওসমান হাদির গায়েবানা জানাজায় সৈয়দপুরে হাজারো মানুষের উপস্থিতি

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
ওসমান হাদির গায়েবানা জানাজায় সৈয়দপুরে হাজারো মানুষের উপস্থিতি

ন্ত্রাসীর গুলিতে নিহত জুলাই আন্দোলনের ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২ টায় সৈয়দপুর শহরের প্রাণ কেন্দ্র পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত এ গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ প্রায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সাহসী ও নির্ভীক একজন সংগঠক। তার হত্যাকাণ্ড জাতির জন্য কলংক ও গভীর শোকের। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এই নির্মম হত্যাকাণ্ড দেশ প্রেমিকের মত প্রকাশ ও আন্দোলনের কণ্ঠরোধের চেষ্টা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদির আত্মত্যাগ বৃথা যাবে না এবং তার আদর্শ অনুসরণ করেই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। গায়েবানা জানাজায় রাজনৈতিক সকল দলের নেতা কর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। পরে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।