সরকারি প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা স্থগিত

হতাশায় নন্দীগ্রামের ছয় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
হতাশায় নন্দীগ্রামের ছয় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক

াইকোর্টের স্থগিতাদেশের কারণে সারাদেশে একযোগে অনুষ্ঠিতব্য পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর) থেকে ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় সারাদেশের ন্যায় নন্দীগ্রাম উপজেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকা ৬৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষার হলে বসতে না পেরে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষার আশায় থাকলেও স্থগিতের খবর নিশ্চিত হওয়ার পর অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শর্মিলী জাহিন জানায়, অনেক দিন ধরে পড়াশোনা করেছি। ২১ ডিসেম্বর পরীক্ষা হবে ভেবে খুব আনন্দ ছিল। কিন্তু পরীক্ষা না হওয়ায় খুব কষ্ট লাগছে।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছে। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছে। আমরা দ্রুত নতুন সময়সূচি ঘোষণার প্রত্যাশা করছি।

পরীক্ষা স্থগিতের খবরে অভিভাবকরাও হতাশা প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, আমার সন্তান রাত জেগে পড়াশোনা করেছে। পরীক্ষা হবে ভেবে খুব খুশি ছিল। কিন্তু পরীক্ষা হবে না শুনে সে চুপ হয়ে গেছে। আরেক অভিভাবক বলেন, শিশুরা তো আদালত বা স্থগিতাদেশ বোঝে না। তারা শুধু জানে তাদের পরীক্ষা। হঠাৎ করে পরীক্ষা বন্ধ হওয়ায় ওদের মনে গভীর কষ্ট জমেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারোওয়ার জাহান বলেন, মেধা যাচাই পরীক্ষা বিষয়ে এপর্যন্ত নতুন কোনো নির্দেশনা পাইনি। পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্রই পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, হাইকোর্টের নির্দেশনার আলোকে পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নির্দেশনা পাওয়া মাত্রই নতুন সময়সূচি জানানো হবে।