নাইক্ষ্যংছড়ি সীমান্তে ট্রাকভর্তি চোরাই কাঠ জব্দ

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ট্রাকভর্তি চোরাই কাঠ জব্দ

ান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) এর বিশেষ অভিযানে অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাতাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২৮ দশমিক ১০ সিএফটি (৪৮ পিস) গর্জন কাঠ, ১ দশমিক ৯০ সিএফটি (২ পিস) আকাশমনি কাঠসহ একটি পিকআপ (ডাম্পার) জব্দ করতে সক্ষম হয় বিজিবি। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে কাঠ পাচারের উদ্দেশ্যে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ কাঠ ও পিকআপটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রেজু বিট, নাইক্ষ্যংছড়ি রেঞ্জের আওতাধীন লামা বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।