অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ; ভোলায় আ’লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ; ভোলায় আ’লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

োলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই ছাত্রলীগ নেতাকে প্রথমে আটক করা হয়। পরে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফরাতকৃত ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল মনপুরা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এছাড়াও তিনি হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী। পরিবারের দাবী, ছাত্রলীগের রাজনীতি বাদ দিয়ে গত ৫ বছর ধরে শাকিল উপজেলার হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসা করে আসছে। তার নামে থানায় কোন মামলা ছিল না।

আটকের পর মামলা দেয় পুলিশ। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মনপুরা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ২ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইজ ও পুলিশের সমন্বয়ে সদর উপজেলার গাজীপুর সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা হতে মো: ইকবাল হোসেন (৬৩) নামে একজনকে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা।

আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।