আরও ১০ আসনে বিএনপি ও শরিকদের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
আরও ১০ আসনে বিএনপি ও শরিকদের প্রার্থী ঘোষণা

গামী জাতীয় সংসদ দির্বাচনে আরও ১০ আসনে দলীয় ও শরিকদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ও আসনের ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমদ তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং কুমিল্লা-৭ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

সমঝোতার মাধ্যমে মোস্তফা জামাল হায়দারকে (জাপা) পিরোজপুর-১ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

সমঝোতার মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস যশোর-৫ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন সমঝোতার মাধ্যমে ছেড়ে দিয়েছে বিএনপি। তারা নিজ দলের প্রতীকে ভোট করবেন।

সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

এছাড়া সমঝোতার মাধ্যমে গণসংহতি পরিষদের জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসন ছেড়েছে বিএনপি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসন ছেড়েছে। তিনি বিএনপিতে যোগ দেবেন বলে জানা গেছে।