ভোলায় মায়ের সামনে ছাত্রদল নেতা খুন

বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
ভোলায় মায়ের সামনে ছাত্রদল নেতা খুন

োলায় মায়ের সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামীলীগ নেতার ছেলে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদারের বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং সে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।

নিহতের মা ইয়ানুর বেগম জানান, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ী থেকে দরজা পর্যন্ত যাই। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জনে বাগান থেকে বের হয়ে মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে আমার ছেলেকে। আমি হাসিবের পা ধরেছি তবুও ছাড়েনি, আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা।

ইয়ানুর বেগম আরো বলেন, আওয়ামীলীগের সময় তারা আওয়ামীলীগ করে আমার ছেলের পা ভেঙ্গে দিয়েছে। আর আজ হত্যা করে আমার বুক খালি করে দিলো। নিহত সিফাতের পিতা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি বিএনপি করি, আমার ভাই আওয়ামীলীগ করে এটাই অপরাধ। আজ আমার ভাতিজারা আমার ছেলেকে হত্যা করলো। আমি এর বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, হেলাল মেম্বার রাজাপুরের মূর্তিমান আতঙ্কের নাম ছিল। রাজাপুর ৯নং ওয়ার্ডে হেলাল মেম্বার ও তার ছেলেদের কথা ছাড়া কিছুই হয়নি। অথচ ৫ তারিখে আওয়ামীলীগের পতনের পরও হেলাল মেম্বার ও তার সন্তানরা প্রকাশ্য এলাকায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছে। আজ তারই বলি ছাত্রদল নেতা সিফাত হাওলাদার।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন. আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।