মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে টাকা আদায়, ডিলারকে দুই মাসের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে টাকা আদায়, ডিলারকে দুই মাসের কারাদণ্ড

হেশখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে এক ডিলারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩ ডিসেম্বর উপজেলা খাদ্য অফিসের আওতাধীন খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার আজিজুল হক উপকারভোগীদের নিকট থেকে প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করে কার্ড বিতরণ করছিলেন- এমন অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছায়।অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত ও মৌখিক অভিযোগ গ্রহণ করে। পরবর্তীতে উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ডিলার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য ও আইন ভঙ্গের দায়ে তাকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।