রামপুরায় মানবতাবিরোধী অপরাধে চার আসামির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
রামপুরায় মানবতাবিরোধী অপরাধে চার আসামির বিচার শুরু

ুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার ২৪ ডিসেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সাথে আগামী ২০ জানুয়ারী এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে, এ মামলায় আসামিপক্ষ মামলা থেকে অব্যহতির আবেদন করেন।

এ মামলায় গ্রেপ্তার দুই আসামী হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম। আর মামলার পলাতক দুই আসামী হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালীন দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলে। সে সময় রাজধানীর রামপুরায় নিহত হন ২৮ জন। সেই সাথে আহত হন অনেকে। রামপুরার ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এই মামলার অন্য আসামীদের বিরুদ্ধে হত্যাসহ ৬ টি অভিযোগ আনা হয়।