সুনামগঞ্জ-৫ আসনে ছাতক–দোয়ারাবাজার বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ছাতক প্রতিনিধি (সুনামগঞ্জ)ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫ আসনে ছাতক–দোয়ারাবাজার বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

সন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। দলীয় সূত্রে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, এ আসনে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

,মনোনয়ন পাওয়ার পরপরই কলিম উদ্দিন আহমদ মিলন স্বাক্ষরিত চিঠিটি সুনামগঞ্জের খবরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পাঠান এবং তা নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে দেন। এরপরই ছাতক–দোয়ারাবাজার জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে দলের প্রতি নিবেদিত এবং মাঠপর্যায়ে জনপ্রিয় নেতা মিলনকে পুনরায় মনোনয়ন দেওয়া হওয়ায় তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

দলীয় দায়িত্বশীল সূত্র ও জেলা বিএন‌পির নেতা
নজরুল ইসলাম ও ন‌জির আহমদ জানায়, প্রার্থীদের নাম চূড়ান্ত ঘোষণার মাধ্যমে সুনামগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত হলো। বিশেষ করে ছাতক–দোয়ারাবাজার এলাকায় গত কয়েক মাস ধরেই তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। মিলনের ফিরে আসায় ওই প্রস্তুতি আরও গতিশীল হবে বলে মনে করছেন সবাই। মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই মিলন ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রচারণার কৌশল নির্ধারণে মনোযোগী হয়েছেন।

এদিকে ব‌্যাপক জল্পনা কল্পনার অবসান ঘ‌টি‌য়ে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতারা জানান, দলের ঐক্য অটুট থাকলে সুনামগঞ্জ-৫ আসনে এবার বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে। তাদের মতে, বহুদিন পর এই রাজনৈতিক ঘাঁটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, মিলন পুনরায় মনোনয়ন পাওয়ায় এলাকায় বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের পর মিলনের পক্ষে সমন্বিত প্রচারণা চালাতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বিত এ কমিটির মাধ্যমে নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত প্রচার-তৎপরতা পরিচালিত হবে।

সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা ছাতক–দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য, সংগঠনের নড়াচড়া এবং মাঠপর্যায়ের প্রস্তুতি—সব মিলিয়ে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা এখন নতুন গতি পেয়েছে।#