আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে

গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কলমই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র- জয়পুরহাটে বিজিবি অধিনায়ক

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কলমই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র- জয়পুরহাটে বিজিবি অধিনায়ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর গুজব ও অপপ্রচার প্রতিহত করতে সাংবাদিকদের আরও দায়বদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়নের ক্যাফে টুয়েন্টি হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন “আপনাদের কলম ও ক্যামেরা সত্য তুলে ধরবে, আর সেই সত্যই নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে বড় ভূমিকা রাখবে। সহিংসতা বা অবৈধ তৎপরতার ওপর সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরাই জনমনে আস্থা ধরে রাখবেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা বিশৃঙ্খলার আশঙ্কা সংক্রান্ত যাচাইকৃত তথ্য দায়িত্বশীলভাবে তুলে ধরা, সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, অপরাধী চক্রের সক্রিয়তা বা সংঘবদ্ধ অপতৎপরতার বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও জনমত উপস্থাপন করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করা যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি না হয় এ বিষয়ে সতর্ক থেকে বস্তনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

লতিফুল বারী জানান, ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবসময় মাঠে থাকবে তারা।

সভায় ২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।