পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে ১ মাইক্রোবাস চালক নিহত

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে ১ মাইক্রোবাস চালক নিহত

ঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি স্পেশাল ট্রেনে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক মাইক্রোবাস চালক মারা গেছেন। ঘটনাটি ঘটে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায়।

মারা যাওয়া আখিরুলের বাড়ি ধাক্কামারা ইউনিয়নের শিপাইপাড়া এলাকায়। তিনি আবুল হোসেনের ছেলে এবং পেশায় ছিলেন মাইক্রোবাস চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলাম সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি নিজেই মাইক্রোবাস চালাচ্ছিলেন। টেংগনবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের সঙ্গে আটকে যায়।

পরে তিনি গাড়ি থেকে নেমে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করেন। এতে মাইক্রোবাসটি রেললাইন পার হতে সক্ষম হলেও আখিরুল নিজে পার হতে পারেননি। ঠিক সেই সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের বহনের জন্য ওই বিশেষ ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে রাত ৮ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রেললাইনে অবস্থান নিয়ে পিলার ফেলে রেলপথ অবরোধ করেন। ফলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। একই রাতে রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও দুর্ঘটনা কবলিত স্থান থেকে পুনরায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফিরে আসতে বাধ্য হয়। ঢাকা হতে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে কোনো রেলক্রসিং বা গেটম্যান নেই। ফলে ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বা সতর্ক করার কেউ থাকে না। এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার অন্যতম কারণ।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জাহিদুর ইসলাম জানান, গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। স্টেশন ছাড়ার কিছু সময় পরেই টেংগনবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেন ছাড়া হলে কিছু দূর গিয়েই বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে। ট্রেনটি স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় দিকে আটকে পড়া ট্রেন এখন চলাচল স্বাভাবিক হয়েছে।