ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, রাতভর থাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, রাতভর থাকার ঘোষণা

নকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহিদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরাশুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

ওসমান হাদির ফেসবুক পেজে করা পোস্টে তারা রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। বিচারের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে বলেও জানান তিনি।

অবরোধ কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেয়া পর্যন্ত তারা এই স্থান ছাড়বেন না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখার কথা জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এই জমিন শহিদ ওসমান হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের নির্দেশ দিতে চায়- এই কাজ করো না, ওই কাজ করো না। আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।

তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির রক্তের বিচার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাবদিহি না করবেন, ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তিনি।

এসময় জাবের বলেন, সাধারণ মানুষ যতদিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী যতদিন হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, ততদিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সবশেষ গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।