সৈয়দপুরে ঘনকুয়াশায় বিমান চলাচল বিলম্বিত

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
সৈয়দপুরে ঘনকুয়াশায় বিমান চলাচল বিলম্বিত

ুয়াশায় ঢাকা পড়েছে সৈয়দপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা। আকাশে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় বিমান চলাচল বিলম্ব হচ্ছে। এতে ফ্লাইটের শিডিউল ভেঙ্গে পড়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, গত চারদিন ধরে কুয়াশা কাটছে না। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দৃষ্টিসীমা কম থাকায় ইউএস বাংলা ও নভো এয়ার দুটি ফ্লাইট বিলম্বে সৈয়দপুরে আসে। ফলে সেসময় যাত্রীদের বিমানবন্দর টার্মিনালে বসে থাকতে হয়।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শনিবার ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে কুয়াশার কারণে সকালে দৃষ্টিসীমা ছিলো মাত্র ৫০ মিটার। অথচ বিমান উড্ডয়ন ও অবতরণে ২ হাজার মিটার দৃষ্টিসীমা প্রয়োজন। দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, দু’একদিনের মধ্যে শৈত্য প্রবাহ শুরু হতে পারে।

সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রতিদিনই ফ্লাইট চলাচল ১/২ ঘন্টা বিলম্বিত হচ্ছে। তবে এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।