তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম জমা

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম জমা

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর -গোদাগাড়ী) ভিআইপি আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন তানোরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রবিবার বিকেল তিনটার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এসময় জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষদ চত্বরে উপস্থিত হন। বিকেল তিনটার দিকে প্রার্থী এসে উপজেলায় উপস্থিত হন। নেতাকর্মীদের পরিষদ চত্বরে রেখে আচরণ বিধি মেনে কয়েকজন নেতাকে নিয়ে ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রার্থী শরীফ উদ্দিন বলেন, আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এনির্বাচন অনেক বড় চ্যালেঞ্জের নির্বাচন। সুতরাং দলের প্রার্থী কে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করতে হবে। যারা অভিমান করে আছে তাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করানোর ব্যবস্থা করতে হবে। তৃনমুল নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে। সব ভূলে দেশ ও দলের স্বার্থে এক হতেই হবে।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক, সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডল, রায়হান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ। এসময় তানোর ও গোদাগাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে গোদাগাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনওর দপ্তরে ও দুপুরের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারী রবিবার পর্যন্ত মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। আপিলের নিষ্পত্তি ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীতা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি বুধবার। ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার প্রচারণা ও ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।