পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের সভাপতি নিহত

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা) ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের সভাপতি নিহত

রগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। রোববার আসরের নামাজ শেষে উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালমেঘা ইউনিয়নের সেন্টার-কাটাখালের মধ্যবর্তী স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়ায় পৌঁছলে তার মৃত্যু হয়।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজ ছেলে। বাবা গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু সালেহ জসিম জানান, তিনি কাকচিড়ার কাটাখালী এলাকা থেকে বাড়িতে আসার সময় মারুকে ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় তার মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলের পাশে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে বারিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, মারুফ চৌধুরী নামের এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত ছিল এবং কান থেকে বিøডিং হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশাল নেয়ার পথেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং জামায়াতে ইসলামীর বরগুনা-২ মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ শোক প্রকাশ করেছেন।